
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য ও যুবনেতা কাকন মিয়ার ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা জেলা শাখা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা পৌর শহরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু, জেলা সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, পলাশবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক শেখ তুর রব অনিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের নেতৃবৃন্দ। এ সময় পলাশবাড়ীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত এই সশস্ত্র হামলা গণতান্ত্রিক রাজনীতিকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখার অপচেষ্টা। তারা অভিযোগ করেন, ধারাবাহিকভাবে যুবদলের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, সংগঠনের নেতাকর্মীদের ওপর যে কোনো হামলার বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। একই সঙ্গে আহত কাকন মিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান ভূমিকা কামনা করেন তারা।
উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি রাতে পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন যুবদল নেতা কাকন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।