
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবনির্মিত ফ্লাইওভারের কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এর নিচের ফাঁকা জায়গা দখল হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, টাকার বিনিময়ে কিছু হকারকে ফ্লাইওভারের নিচের জায়গা বসার জন্য দেওয়া হচ্ছে।
রবিবার (৮ মার্চ) গোবিন্দগঞ্জ থানা চারমাথা এলাকার রাজমতি হোটেলের সামনে ফ্লাইওভারের নিচে বেশ কয়েকজন হকারকে বসতে দেখা যায়। স্থানীয়রা জানান, ধীরে ধীরে ফ্লাইওভারের নিচের ফাঁকা জায়গা দখল হয়ে যাচ্ছে। এতে ভবিষ্যতে যান চলাচল ও জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
এলাকাবাসীর দাবি, ফ্লাইওভারটি যানজট নিরসন ও শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নির্মাণ করা হয়েছে। কিন্তু শুরুতেই যদি অবৈধভাবে দখল হয়ে যায়, তাহলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয়রা বলেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে দখলমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।