
বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় জাহিদুল ইসলাম (৪২) নামের এক বাকপ্রতিবন্ধী অটোভ্যান চালক নিহত হয়েছেন। নিহত জাহিদুল ইসলাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের মৃত মনসুর আলী মাস্টারের ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় (ওমরপুর-দেওগ্রাম) আঞ্চলিক সড়কের নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে জাহিদুল ইসলাম তার ব্যবহৃত অটোভ্যান নিয়ে বৈলগ্রামে জৈনিক আইয়ুব আলীর বাড়ির সামনে সড়কের উপর অবস্থান করছিলেন। এসময় দেওগ্রাম দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা চাল বোঝায় ট্রাক অটোভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যান চালক জাহিদুল ইসলাম ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।.
তথ্যটি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।