
সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান, মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোকলেছুর রহমান এবং মাইটিভির জেলা প্রতিনিধি মোনায়েম খান।
কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার কাজিপুর প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, দীর্ঘ ৫০ বছর পেরিয়ে দৈনিক করতোয়া ৫১ বছরে পদার্পণ করেছে—এটি নিঃসন্দেহে আনন্দের বিষয়। পত্রিকাটি দীর্ঘদিন ধরে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা ধরে রেখেছে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া ভবিষ্যতেও মানুষের আস্থা ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে প্রেসক্লাব চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
এ সময় কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ধর্মবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য আবদুল মজিদ, অর্থ সম্পাদক এনামুল হক, সদস্য নাবিউর রহমান (চয়ন), অঞ্জনা চৌধুরী ও নাফিউর রহমান শয়নসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।