
ফেনীর মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে ছাগলনাইয়া থানার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়েছিল। সেটিকে লরির সাহায্যে সরিয়ে নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই প্রাণ হারান।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই আবু নোমান জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহনই জব্দ করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।