জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। সেই সঙ্গে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে বলে জানান তিনি।
সোমবার (২৬ মে) জাতীয় সংসদ ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষে সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাতে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় কোনো দ্বিমত নেই। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করার জন্য অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রস্তাবে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত।
আলী রীয়াজ বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু জায়গায় আইনজীবীদের মতামত নেওয়ার কথা অনেকে বলেছে। নির্বাচন কমিশনের জন্য পূর্ণাঙ্গ আইন করার ব্যাপারে সবাই একমত। স্থানীয় সরকার নির্বাচন ইসির অধীনে নেওয়ার জন্য অধিকাংশ দল একমত এবং নির্বাচিত গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে জনগণের মতামত জানতে বিবিএসের মাধ্যমে জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।