শনিবার (২৩ আগস্ট ২০২৫) বিকাল ৩টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মিলনায়তনে এক মনোমুগ্ধকর ও গৌরবোজ্জ্বল আয়োজনে অনুষ্ঠিত হলো “মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫”। এ বছর এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ কুদরত-ই-জাহান। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। কেবল ডিগ্রি অর্জন নয়, নৈতিকতা, চরিত্র, সততা ও মানবিক মূল্যবোধের চর্চাই তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। দেশের কল্যাণে জ্ঞানকে কাজে লাগানোই হবে শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউর রহমান বলেন, “তোমরা যারা জিপিএ-৫ পেয়েছ, তারা শুধু নিজের পরিবার নয়, পুরো শিবগঞ্জ তথা বাংলাদেশের জন্যই গৌরব। এখন থেকেই তোমাদের লক্ষ্য হতে হবে দেশের সেবা করা। আমরা চাই তোমরা আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি হয়ে উঠো।”
আরেক বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ গোলাম মাহবুব মোরশেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এ সাফল্য কেবল শুরু, সামনে রয়েছে আরও বড় সংগ্রাম। তোমাদের অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের প্রতি সম্মানই হবে তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি।”
সভাপতির দায়িত্বে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিআরটিসি ও বিসিকের পরিচালক জনাব মীর শাহ আলম তার বক্তব্যে শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “জ্ঞানকে কাজে লাগিয়ে তোমাদেরকে হতে হবে সত্যিকারের আলোকিত মানুষ। শিক্ষা শুধুমাত্র ডিগ্রির জন্য নয়, বরং জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার জন্য।”
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী (বগুড়া)-এর ভারপ্রাপ্ত পরিচালক ড. আব্দুল মজিদ প্রমাণিক। তিনি শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য অতিথি উপস্থিত ছিলেন ইত্যাদি ইত্যাদি।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে মেধাবী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের আনন্দঘন অংশগ্রহণে। সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে— এসো দেশের কথা বলি ফাউন্ডেশন, শিবগঞ্জ (বগুড়া)
শিবগঞ্জ শিক্ষার্থী কল্যাণ সংস্থা
প্রগতি কল্যাণ সংস্থা, শিবগঞ্জ (বগুড়া)
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষার্থীদের মিলিত প্রতিশ্রুতি ছিল, “শিক্ষিত তরুণ প্রজন্মই হবে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল শক্তি।”