গাইবান্ধার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা–এর সঙ্গে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা, উন্নয়ন–বঞ্চনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
ইপিজেড স্থাপন:
সাকোয়া ব্রিজ–সংলগ্ন এলাকায় ইপিজেড নির্মাণের দাবি জানিয়ে সাংবাদিকরা বলেন, এটি বাস্তবায়িত হলে শিল্পায়ন ও কর্মসংস্থানে বড় পরিবর্তন আসবে।
পৌর গোরস্থানের সমস্যা:
পানি, আলো ও নিরাপত্তার অভাব দূর করে দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।
জেলা হাসপাতালের সংকট:
চিকিৎসকের ঘাটতি, নিম্নমানের সেবা, পরীক্ষা–নিরীক্ষায় বিলম্ব এবং সরকারি ওষুধের সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।
বালাসী ফেরিঘাটের অচলাবস্থা:
সাংবাদিকরা বলেন, আধুনিকায়ন কাজ শেষ হলেও ফেরিঘাটে নিয়মিত কার্যক্রম শুরু না হওয়ায় যাত্রী পারাপারে ভোগান্তি অব্যাহত রয়েছে। প্রশাসনিক জটিলতার কারণে নৌযান চলাচল না হওয়ায় এই গুরুত্বপূর্ণ নদীপথ এখনো অচল অবস্থায় রয়েছে। পথটি চালু হলে গাইবান্ধা–বাহাদুরবাদ– যোগাযোগ আরও সহজতর হবে বলে তারা উল্লেখ করেন।
মাদকের বিস্তার:
মাদক নিয়ন্ত্রণে জোরালো নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি তোলা হয়।
কিশোর গ্যাংয়ের উৎপাত:
শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
নিরাপত্তাহীনতা:
রাতের সড়ক নিরাপত্তা, চুরি–ছিনতাই ও মোটরসাইকেল চুরি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
সাংবাদিকদের প্রস্তাব ও অভিযোগ মনোযোগসহকারে শোনার পর জেলা প্রশাসক বলেন, “গাইবান্ধার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। এসব যৌক্তিক বিষয় দ্রুত বিবেচনায় নেওয়া হবে।”
সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার অসংখ্য সাংবাদিক উপস্থিত ছিলেন।