গাইবান্ধা-২ (সদর) আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি ও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ঘোষিত ফলাফল বাতিল করে সকল কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কমপক্ষে ৩০টি ভোটকেন্দ্রে প্রিসাইডিং অফিসাররা ভোট শুরুর আগেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়েছেন, যা পরিকল্পিত অনিয়মের অংশ বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নিজ কেন্দ্রে ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত অগ্রিম ফলাফল শীটেও তার এজেন্টদের কাছ থেকে পূর্বস্বাক্ষর নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আনিসুজ্জামান খান বাবু অভিযোগ করেন, বেলা ২টার পর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কিছু সদস্য তার সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এতে অনেক এজেন্ট কেন্দ্র ছেড়ে যেতে বাধ্য হন এবং ভোটের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, প্রিসাইডিং অফিসারদের যোগসাজশে ভোটগ্রহণ চলাকালে কোনো এক সময় দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে অতিরিক্ত ব্যালট ঢুকানো হয়েছে এবং পরবর্তীতে ফলাফল টেম্পারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানিয়ে বলেন, ফুটেজ যাচাই করা হলে প্রকৃত অনিয়মের চিত্র স্পষ্ট হয়ে উঠবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে গাইবান্ধা-২ (সদর) আসনের ঘোষিত ফলাফল বাতিল, সকল কেন্দ্রে পুনঃভোট গ্রহণ এবং ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। এছাড়া তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।