গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে নিজ বাড়ীতে নিহত চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচার দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ সোমবার সকালে মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সে জন্য প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন। বক্তারা আরও বলেন, একজন নারী শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গোবিন্দগঞ্জবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে।
হত্যাকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।