গাইবান্ধার সদর উপজেলায় জমির অংশ কম পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বাবার কবর ভাঙচুরের অভিযোগ উঠেছে ছোট ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালের তারি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার প্রায় ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তার ছেলেরা হলেন—জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রেজ্জাক মিয়া, এজাদুল মিয়া এবং সর্বকনিষ্ঠ শাহ আলম মিয়া শালু।
অভিযোগ রয়েছে, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া বেশি জমি পেয়েছেন—এমন দাবি তুলে ছোট ছেলে শাহ আলম মিয়া শালু ক্ষোভ প্রকাশ করেন। এরই জেরে মঙ্গলবার দুপুরে তিনি বাবার কবরের ওপর উঠে ঘিরা ভাঙচুর করেন বলে স্থানীয়রা জানান। কবরটি ইকবাল মিয়ার জমির ওপর অবস্থিত বলেও জানা গেছে।
অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর দাবি, তাকে কম জমি দেওয়া হয়েছে এবং কবরস্থানের জায়গাটি তার নিজের জমির মধ্যে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, শাহ আলম মিয়া শালু একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। কেউ তার বিরোধিতা করলে তিনি হুমকি-ধামকি দেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আমজাদ বলেন, “ঘटनাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীর শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। অন্যদিকে তার চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করা হয়েছে।