গাইবান্ধা সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে বাড়িতে ঢুকে হামলা, মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার উত্তর খোলাহাটী এলাকার বাসিন্দা মোছাঃ লাভলী বেগম (৪৪) বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ নুরান মিয়া (৩৮), মোঃ মাজেল মিয়া (৪০), মোঃ তিতাস মিয়া (২১), মোঃ মহিউল্লাহ (২২), মোঃ সৌরভ মিয়া (২৫), মোঃ মমতাজ হোসেন (৫৫) সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
অভিযোগে বলা হয়, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রথম দফায় বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চললেও তা ভেস্তে যায়।
এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাধা দিতে গেলে বাদীকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও, হামলাকারীরা বাদীর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়। প্রাণভয়ে বাদী ও তার পরিবারের সদস্যরা ঘরে আশ্রয় নেন।
পরে অভিযুক্তরা বাড়ির টিনের ঘর ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। একই সঙ্গে ঘরে থাকা নগদ ৬৫ হাজার টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
বাদী অভিযোগে আরও উল্লেখ করেন, স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।