বগুড়া মহানগরের সরকারি শাহ্ সুলতান কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় নবনির্মিত ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এমপি।
ভবন উদ্বোধনকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সহিদুর রহমান।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, নতুন এই ৬তলা বিজ্ঞান ভবন উদ্বোধনের ফলে কলেজে বিজ্ঞান শিক্ষার মান ও সুযোগ আরও প্রসারিত হবে, যা শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।