গাইবান্ধার সুন্দরগঞ্জে দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। বৃদ্ধ বয়সে স্বচ্ছলভাবে জীবনযাপনের আশায় তিলে তিলে জমানো প্রায় ২ লাখ টাকা উইপোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। এতে তাদের দীর্ঘদিনের সঞ্চয় ও ভবিষ্যতের স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামে। ক্ষতিগ্রস্ত তোফাজ্জল হোসেন ওই গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
জানা গেছে, তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে স্ত্রী ফাতেমা বেগমকে নিয়ে ঢাকায় বসবাস করছেন। জীবিকার তাগিদে তিনি রিকশা চালিয়ে সংসার চালান। তার স্ত্রীও ঢাকায় অন্যের বাসায় কাজ করতেন। সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর পর অবশিষ্ট অর্থ থেকে স্বামী-স্ত্রী দুজনেই অল্প অল্প করে টাকা জমাতেন।
দীর্ঘ ১০-১২ বছরের পরিশ্রম ও সঞ্চয়ের পেছনে তাদের ছিল একটি স্বপ্ন। বৃদ্ধ বয়সে যেন অন্যের কাছে হাত পাততে না হয়—এমন প্রত্যাশায় ভবিষ্যতের কথা চিন্তা করে তারা টাকা জমাচ্ছিলেন। পরিকল্পনা ছিল গ্রামের বাড়িতে জমি বন্ধক নিয়ে চাষাবাদ করবেন অথবা অন্য কোনো কাজে সেই টাকা বিনিয়োগ করে জীবনের শেষ সময়টা কিছুটা স্বস্তিতে কাটাবেন। তাদের রয়েছে তিন কন্যাসন্তান। সন্তানদের ভবিষ্যৎ নিয়েও নানা পরিকল্পনা ছিল তাদের।
সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী। দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে জমি বন্ধক নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেই উদ্দেশ্যে ঘরে রাখা সঞ্চয়ের বাক্সটি খুলে টাকা বের করতে যান তারা।
বাক্স খুলতেই তাদের চোখ কপালে ওঠে। দীর্ঘদিন ধরে সযত্নে জমিয়ে রাখা প্রায় পুরো টাকাই উইপোকে কেটে নষ্ট করে ফেলেছে। কোথাও নোটের সামান্য অংশ, আবার কোথাও পড়ে আছে ছেঁড়া ও ছোট ছোট কাগজের টুকরো। নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের এমন করুণ অবস্থা দেখে হতভম্ব হয়ে পড়েন তারা।
তোফাজ্জাল হোসেনের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের শ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়ে জমিয়েছিলেন এই অর্থ। বৃদ্ধ বয়সে একটু স্বস্তিতে থাকার আশায় প্রতিটি টাকা অত্যন্ত কষ্ট করে সঞ্চয় করেছিলেন তারা। কিন্তু অসাবধানতাবশত সঞ্চয়ের টাকা উইপোকার আক্রমণে নষ্ট হয়ে যাওয়ায় এখন তারা দিশেহারা।
স্থানীয়রা জানান, একজন শ্রমজীবী মানুষের পক্ষে সংসারের খরচ চালিয়ে প্রায় ২ লাখ টাকা সঞ্চয় করা অত্যন্ত কঠিন। ঢাকার ব্যস্ত নগরজীবনে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে সংসার চালানোর পাশাপাশি সামান্য সামান্য করে টাকা জমিয়েছেন তোফাজ্জল। তার স্ত্রীও কাজ করে সংসারে সহযোগিতা করেছেন।
দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয় এভাবে নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। যে টাকা দিয়ে তারা ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন, সেই টাকা এখন তাদের কাছে পরিণত হয়েছে মূল্যহীন কাগজের টুকরোয়।
তবে ক্ষতিগ্রস্ত টাকার কোনো অংশ উদ্ধার বা ব্যাংক থেকে প্রতিস্থাপনের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ নেওয়ার বিষয়টি সামনে এসেছে।