বগুড়ার শাজাহানপুরে ফার্ম দেখাশোনার দায়িত্বে থাকা স্বামী-স্ত্রীর বিরুদ্ধে নগদ ৮৫ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুর রহিম রুবেল (৩৯) নামে এক ব্যক্তি শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হলেন—মো. মেহেদি হোসেন সাইন সাগর (২৭) ও তার স্ত্রী আফরোজা আক্তার আঁখি (২৬)। অভিযোগে তাদের বাড়ি নওগাঁ সদর ও আদমদীঘি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার বলদিপালান দক্ষিণপাড়া এলাকায় ১৪০ শতক জমির ওপর ‘মা-বাবার দোয়া’ নামে একটি ফার্ম গড়ে তোলেন রুবেল। প্রায় এক মাস আগে ফার্মটি দেখাশোনার জন্য তার বন্ধু মো. বাবলুর মাধ্যমে সাগর ও তার স্ত্রী আঁখিকে ওই বাড়িতে নিয়ে আসা হয়। তারা সেখানে থেকে ফার্মের দেখাশোনা ও রান্নাবান্নার কাজ করতেন।
অভিযোগে বলা হয়, গত ৮ আগস্ট সকাল ১১টার দিকে রুবেলের মা-বাবা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। যাওয়ার সময় তারা সাগর ও আঁখিকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রুবেলের সঙ্গে ফার্মে সাগরের দেখা হয়। তখন সাগর বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে আবার ফার্মে আসবেন বলে জানান।
এরপর থেকে সাগর ও আঁখির সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। রাত সাড়ে ১০টার দিকে রুবেলের বাবা ফোন করে জানান, তাদের বাড়িতে পাওয়া যাচ্ছে না। পরে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি।
পরে প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাগর ও আঁখি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। এরপর বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে নগদ ৮৫ হাজার টাকা এবং প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা, পাওয়া যাচ্ছে না বলে অভিযোগকারী দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্তরা তাদের নিজেদের কিছু জিনিসপত্র বাড়িতে রেখে গেলেও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম (৪৩), মো. আরিফুল ইসলাম (৪১)সহ আরও অনেকে বিষয়টি সম্পর্কে অবগত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে বিষয়টি শাজাহানপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান অভিযোগকারী।
তবে অভিযুক্ত স্বামী-স্ত্রীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।