বগুড়ায় ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—বগুড়ার গাবতলী উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মমিন ওরফে জয় (৩০) এবং গরুটুপনগর পশ্চিমপাড়া এলাকার মো. হাবিবুর রহমান হাবু ওরফে আইয়ুব (৫১)।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার পৌর খোকন পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অংশ নেয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।