বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা, বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হাটকড়ই ডিগ্রি কলেজে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সাবগ্রাম, বগুড়ার উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।
হাটকড়ই ডিগ্রি কলেজে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাঃ জিললুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক ডি. ইঞ্জিনিয়ার পলিন হাসান।
মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. নাজমুল সাদাত। অন্যদিকে হাটকড়ই ডিগ্রি কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছাঃ মোতাহারুন।
বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, মাদকের বিরুদ্ধে সরকারি চলমান অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচিও অব্যাহত থাকবে।