শনিবার দুপুরে (২৯ আগস্ট) নীলফামারী সার্কিট হাউজে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক তুহিন।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন; যার দৃশ্যমান উন্নয়ন দেশবাসী দেখতে শুরু করেছে।
শনিবার দুপুরে (২৯ আগস্ট) নীলফামারী সার্কিট হাউজে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক তুহিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একটু মনোযোগী হলে তোমাদের অনেক পরিবর্তন হবে। প্রযুক্তি এখন হাতের মুঠোয়, মোবাইলে ডিগ্রি অর্জন করা হয়।
নীলফামারীতে ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই মন্তব্য করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজগুলোতে এখানকার শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। আমরা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে কাজ করছি। উদাহরণ টেনে বলেন, জেলা পরিষদের উদ্যোগে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ শুরু হয়েছে। এর সুফল আমরা পাবো নিশ্চয়ই।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক সংসদ তুহিন পত্নী তামান্না ইয়াসমিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ বক্তব্য দেন। চেক বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেসুর রহমান কাজল।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী জানান, চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৩৮ জনকে শিক্ষাবৃত্তি হিসেবে দুই হাজার করে টাকা দেওয়া হচ্ছে। আজ ৮০ জনের হাতে প্রধান অতিথির মাধ্যমে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হলো।