বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ডোবার পানিতে ভাসমান অবস্থায় ২ বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খেলার সময় অসাবধানতায় পানিতে ডুবে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে থানা পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে বুড়ইল ইউনিয়নের ধুন্দার দারোগাপাড়া বাঁশ বাগানের ডোবা থেকে শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত সামিউল ইসলাম সামির (২) দারোগাপাড়া মহল্লার আবু সাইদের ছেলে। শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে কান্না আহাজারি।
নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলা করছিল ২ বছর বয়সী সামিউল। হঠাৎই সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। বাড়ির পাশে বাঁশ বাগানের ডোবায় তার মরদেহ ভেসে ওঠে। পরিবারের লোকজন শিশুর নিথর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় জানান, বাঁশ বাগানে বৃষ্টির পানিতে ছোট ডোবা হয়েছে। পানি জমলেও গভীরতা নেই। সেখানে শিশুর মরদেহ ভাসছিল। খেলাধুলার সময় অসাবধানতায় শিশু ডোবার পানিতে ডুবে যায় বলেও অনেকের ধারণা।
এ প্রসঙ্গে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, শিশুর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হবে। পরিবার অভিযোগ করলে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য পদক্ষেপ এবং তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।