জয়পুরহাটে অনলাইনে জুয়া খেলার সময় আনন্দ পাহান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতনশহর গ্রামের তিনমাথা মোড় এলাকায় যাত্রীছাউনির ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনন্দ পাহান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুর বেতগাড়ী গ্রামের বিমল পাহানের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গতনশহর তিনমাথা মোড়ের যাত্রীছাউনিতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় অনলাইনে জুয়া খেলা অবস্থায় আনন্দ পাহানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
অভিযানে ডিবির এসআই (নিরস্ত্র) শাখাওয়াত হোসেন, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুর রহমান, এএসআই আসাদুজ্জামান, এএসআই (নিরস্ত্র) মো. সোহেল রানা, কনস্টেবল রাকিবুল ইসলাম ও কনস্টেবল পারভেজ অংশ নেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।