বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে ও আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে বগুড়া মহানগরের মাটিডালী এলাকায় জারা কার হাউজের বিপরীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মোকসেদ আলীর ওপর হামলা চালানো হয়। হামলার আগে দুর্বৃত্তরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে মোকসেদ আলীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।