নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ট্যাপেন্টাডলের আনুমানিক ওজন ১৮ দশমিক ৬৩ গ্রাম এবং বিক্রয়মূল্য ২০ হাজার ৭০০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ৫ নম্বর ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
রাত ৯টা ১৫ মিনিটের দিকে নোচনাহার (কাচারীপাড়া) গ্রামের মো. আবু তালেবের বসতবাড়ির আঙিনায় মাদক বিক্রির সময় তার দুই ছেলে মো. রমজান আলী (৩১) ও মো. ফিরোজ কবির (২৯)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে গ্রেপ্তার দুজনের পরিহিত লুঙ্গির ডান কোচরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৯ ও ৩০ পিস—মোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।