বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পৌর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬৮ পিস ট্যাপেন্টাডলসহ মো. শাহাদৎ হোসেন কাইল্যা ওরফে শাহাদুল (৪৫) এবং ১২ পিস ট্যাপেন্টাডলসহ মো. ছানারুল ইসলাম (৩৯)কে আটক করা হয়।
আটক শাহাদৎ হোসেন সারিয়াকান্দির আন্দরবাড়ী এলাকার মৃত তহসিন আলী আকন্দের ছেলে। অপরদিকে ছানারুল ইসলাম হিন্দুকান্দি (কলোনীপাড়া) এলাকার মৃত ওছমান প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, শাহাদৎ হোসেনের বিরুদ্ধে এর আগে দায়ের হওয়া ১৫টি এবং ছানারুল ইসলামের বিরুদ্ধে তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।