
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার লক্ষ্যে স্পেনের সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক এই ক্রীড়া আসরকে নিরাপদ ও নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং উন্নত প্রযুক্তির যৌথ ব্যবহার নিশ্চিত করা।
স্পেন সফররত কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ‘লখুইয়া’-র কমান্ডার শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি দেশটির রাজধানী মাদ্রিদে স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা গোমেজের সাথে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা খাতের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও দুই মন্ত্রী মতবিনিময় করেন।
বৈঠকের শেষ পর্যায়ে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করতে দুই দেশ যৌথভাবে কাজ করবে এবং আধুনিক প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদান করবে।