যশোরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১২ লাখ টাকা আদায়ের মামলার আসামি গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি শহরতলীর বিরামপুর পশ্চিমপাড়ার মৃত তারাপদ বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দুপুরে বিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার ঠিকাদার এসএম মোস্তফা কামাল শিপাকে প্রায় ৯ বছর আগে অপহরণ ও ক্রসফায়ারের ভয় দেখিয়ে ১২ লাখ টাকা আদায়ের অভিযোগে সদর পুলিশ ফাঁড়ির তৎকালীন টিএসআই রফিকুল ইসলাম রফিক, কোতয়ালি থানার তৎকালীন এসআই জামাল হোসেন ও বিরামপুরের গোবিন্দ বিশ্বাসসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়।
পরে আদালতের আদেশে গত ১৮ সেপ্টেম্বর অভিযোগটি কোতয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের এসআই শেখ আকতারুল ইসলাম বিরামপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গোবিন্দ বিশ্বাসকে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।