পেকুয়া উপজেলায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে টইটং ইউনিয়নের সীমান্ত ব্রিজসংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোরিকশাচালক জাকের হোসেনের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পারভেজ তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।
পরে সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারভেজের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।