আলমাস ইসলাম সাগর ,বিশেষ প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৪১) ও জুয়েল (৩৫) নামে দুজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শাহজাহানপুর উপজেলার (ওয়ার্ড ২১)বেজোড়া স্টিল ব্রিজের পূর্ব পাশে । আহত শফিকুল ইসলাম শাহজাহানপুর উপজেলার চকলোকমান গ্রামের মৃত সরোয়ার ইসলামের ছেলে এবং জুয়েল বেজোড়া উত্তরপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এই হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।