ঢাকার সাভারে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মোহাম্মদ টুটুল (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) দিবাগত রাতে সাভারের আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ টুটুল সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার বাসিন্দা এবং লিয়াকত আলীর ছেলে।
সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ফয়সাল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টহল টিম সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে নজরদারি চালায়। ওই রাতে মহাসড়কের বিপরীত দিক থেকে রিকশাযোগে আসা একজনকে সন্দেহজনক মনে হলে রিকশাটি থামানো হয়। পরবর্তীতে রিকশায় থাকা মোহাম্মদ টুটুলের দেহ তল্লাশি করে একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি ও একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজের কাছে রেখে সাভার, আমিনবাজার, কাউন্দিয়া ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
ওসি জুয়েল মিয়া আরও জানান, টুটুলের সঙ্গে জড়িত আরও দুইজন সহযোগীর তথ্যও পুলিশের কাছে রয়েছে। তাদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ টুটুলসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং টুটুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন সফল, গোয়েন্দাভিত্তিক অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের দ্রুত ও নির্ভুল পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাভারবাসী।