বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে প্রশাসন। বৃহস্পতিবার গভীর রাত ২টা থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—আব্দু শুক্কুর ও আলতাজ মিয়া। তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দু শুক্কুরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আলতাজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটপাটকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।