চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে আল-আমিন (১৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে আল-আমিনের সঙ্গে থাকা সহপাঠী মামুন, দিদার গাজী, জাহেদ, দিদার ইসলাম, মঈন ইসলাম, শামীমসহ মোট ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
পারিবারের পক্ষ থেকে জানানো হয়, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়ার ছেলে আল-আমিন। বর্তমানে চাঁদপুর শহরের মমিনপাড়া এলাকায় তাদের পরিবার বসবাস করে। নিহত আল-আমিন সদ্য এসএসসি পাস করা ছাত্র। সে চাঁদপুর গনি মডেল হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
ঘটনার পরপরই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাসপাতালে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। স্বজনরা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহতের স্বজনরা জানান, শনিবার বিকেলে আল-আমিন বাসা থেকে বের হয়ে চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর সম্মুখে লেকের পাড় এলাকায় কয়েকজন সহপাঠীর সঙ্গে আড্ডা দিচ্ছিলো। পরে রাত ৯টার দিকে হঠাৎ লেকের পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে আনার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।
নিহতের পরিবার দাবি করেছেন, এটি নিছক দুর্ঘটনা নয়। বরং কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লেকের পানিতে ফেলে দিয়েছে বলে মনে করেন তারা।