কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ১৪’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী। তিনি ১৪/০৭/২০২৫ খ্রি. অপরাহ্নে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এ উপলক্ষ্যে ১৪/০৭/২০২৫ খ্রি. শিক্ষক পরিষদের পক্ষ থেকে নবাগত অধ্যক্ষকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় ও বরণ অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইংরেজি বিভাগের প্রভাষক আবু বকর রফিক, গীতা থেকে পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার, ত্রিপিটক থেকে পাঠ করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক জয় প্রকাশ বড়–য়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে কলেজের ভৌত ও একাডেমিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এরপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ সোলাইমান।
অতিথি ও কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আলম, রামু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাছানুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের উপাধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহমেদ, কক্সবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিজুল মোস্তফা বুলু, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মফিদুল আলম, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ উল্লাহ, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আ.জ.ম মোঃ আনোয়ার সাদাত, একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহতাব উদ্দিন, কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আহমদ কবির, পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কাসেম, রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশিদ।
উল্লেখ্য, গত ০২/০৭/২০২৫ খ্রি. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী-কে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়। তিনি ১৪’শ বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ সালে হাজী আবদুল বাতেন সরকারি কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রামে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগদান করে চাকুরি জীবন শুরু করেন এবং অদ্যাবধি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি কলেজে দীর্ঘ প্রায় ৩১ বছর যাবৎ অধ্যাপনা করেছেন।