অবশেষে পূরণ হলো রিয়াল মাদ্রিদের বহুদিনের অপেক্ষা। জাবি আলোনসোর অধীনে দলে রক্ষণভাগের শক্তি বাড়াতে পর্তুগিজ ক্লাব বেনফিকার লেফটব্যাক আলভারো কারেরাসকে দলে টেনেছে স্প্যানিশ জায়ান্টরা। একই দিনে প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও চুপিচুপি দলে ভিড়িয়েছে সুইডিশ তরুণ উইঙ্গার রুনি বার্দগিকে। দুই দলই তাদের নতুন তারকাদের দীর্ঘমেয়াদি চুক্তিতে দলে নিয়েছে।
২২ বছর বয়সী স্প্যানিশ লেফটব্যাক কারেরাসকে ছয় বছরের চুক্তিতে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও ট্রান্সফার ফি প্রকাশ করেনি ক্লাবটি। রিয়ালের যুবদল থেকেই শুরু হয়েছিল তার যাত্রা। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও গ্রানাডায় সময় কাটিয়ে দুই মৌসুম খেলেন বেনফিকায়। পর্তুগিজ ক্লাবটির হয়ে প্রিমেইরা লিগে ৩২টি ও চ্যাম্পিয়ন্স লিগে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাম্প্রতিক মৌসুমে তার পারফরম্যান্স নজর কাড়ে রিয়ালের। জাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর রক্ষণভাগেই বাড়তি মনোযোগ দিচ্ছেন। এর আগেই তিনি সেন্টারব্যাক ডিন হুইজসেন ও লিভারপুল থেকে রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে টেনেছেন।
ইনজুরি থেকে সেরে না ওঠা ফারলাঁ মেন্দি ও ফ্রান গার্সিয়ার মাঝারি পারফরম্যান্সে আস্থা রাখতে না পেরে এবার লেফট উইং সুরক্ষিত করতেই কারেরাসকে নেয়া হয়েছে।
অন্যদিকে বার্সেলোনা সোমবার (১৪ জুলাই) ১৯ বছর বয়সী রুনি বার্দগির সঙ্গে চার বছরের চুক্তি সম্পন্ন করেছে। কুয়েতে জন্ম নেওয়া এই উইঙ্গারের সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির কথা জানিয়েছে কাতালান ক্লাবটি। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন থেকে উঠে আসা বার্দগিকে ইউরোপের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বার্সা তার ট্রান্সফার ফি প্রকাশ না করলেও ইএসপিএন জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে ২.৩৫ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কোপেনহেগেনের হয়ে ৮৪ ম্যাচে ১৫ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন এই তরুণ ফরোয়ার্ড। জিতেছেন ডেনিশ লিগ ও দুটি ডেনিশ কাপ। চোটের কারণে এক মৌসুম বাইরে থাকলেও বার্দগি ফিরে এসেছেন দুর্দান্ত ফর্মে।