দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা সচিবকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আইডি কার্ডে ব্লাড গ্রুপও সংযুক্ত করতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে ছাত্রছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে সরকারকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।
এ ছাড়া, মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের পাঁচ কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়ন প্রশ্নে রুল জারি করেছেন আদালত।