কক্সবাজারের টেকনাফে একদিনে তিন দফায় ১৮ বাংলাদেশি জেলেকে অপহরণ করার ঘটনা ঘটেছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ ঘটনা ঘটিয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
জানা যায়, শাহপরীর দ্বীপের কাছে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া থেকে দুই দফায় ১১ জন এবং সেন্টমার্টিন উপকূল থেকে ৭ জন জেলেকে অপহরণ করা হয়েছে। এ নিয়ে গত চার দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হয়েছেন। এই পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রথম অপহরণ ঘটেছে মঙ্গলবার সকাল ১১টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়ায়। মাছ ধরে ফেরার সময় ছয়জন জেলেসহ একটি ট্রলার মিয়ানমারের উপকূলে নিয়ে যায় আরাকান আর্মি। ট্রলারটি আবদুল হাফেজ নামে এক মাঝির ছিল।
দুপুর ১২টার দিকে একই স্থানে আরও ৫ জেলেকে মাছ ধরার নৌযানসহ ধরে নিয়ে যায় আরাকান আর্মি। ট্রলারটির মালিক শাহপরীর দ্বীপের ডাঙ্গরপাড়া গ্রামের সৈয়দ আলম।
একই দিনে বিকেলেও সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে সাগর থেকে মাছ ধরতে যাওয়া সাতজন জেলেকে ট্রলারসহ অপহরণ করা হয়। নৌযানটির মালিক নুরুল কায়সার।