পাবনায় মাদকসহ গ্রেপ্তার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব এবং পাবনা জেলা যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এবং মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৃথক বহিষ্কারাদেশের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় সংগঠন দু’টি।
বহিষ্কৃতরা হলেন- পাবনার সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল। তিনি সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। অপরজন হলেন- জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানা। তিনি পাবনা পৌরসভার দোহার পাড়া মহল্লার মৃত জহুরুল ইসলাম রইসের ছেলে।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা কৃষক দলের এক বহিষ্কারাদেশ বলা হয়েছে, পাবনা জেলার অধীনে সুজানগর থানা জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব মজিদ মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যেমে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রচার হওয়ায় এবং গত ৩১ আগস্ট সিরাজগঞ্জ থানায় পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক তাকে দল থেকে অব্যাহতি প্রদান করছে। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ রানাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক র্যাব। পরে তল্লাশির এক পর্যায়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকের মামলা করে সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তারা দু'জনে বর্তমানে কারাগারে রয়েছে।