কক্সবাজার সদরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন লিয়াকত আলী নামে এক বিএনপি নেতা। আহত লিয়াকত সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। গুলিবিদ্ধ অবস্থায় তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঝিলংজার বিসিক শিল্প নগরী এলাকায় লিয়াকত আলীর বাসায় হামলার এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ লিয়াকত আলী বলেন, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুদরত উল্লাহর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী বাড়ির উঠোনেই তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লিয়াকত আলীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এ ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের লিংক রোড স্টেশনে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন।