গাইবান্ধায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার উদ্যোগে সংগঠনের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বুধবার সকালে কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপিটি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার হাতে তুলে দেন সংগঠনের সভাপতি আবেদুর রহমান স্বপন ও সহ-সভাপতি মোশারফ হোসেন বুলু।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আল হাসান, গাইবান্ধা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, মিজানুর রহমান মুন্না, হাবিবুল ইসলাম শাহিন মিয়া, মো. আল আমিন, রাশেদ ইমাম, ওমর ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে শহরের নিউ ব্রিজ রোড এলাকায় ঘাঘট নদীতে পুষ্পভর্তি চালন ভাসিয়ে নদীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকরা জানান, রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে নদী দখল ও দূষণমুক্ত রাখতে ১০ দফা দাবির বাস্তবায়ন এখন সময়ের দাবি।