বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) অভিযান চালিয়ে ২৪০০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
গ্রেফতার হওয়া দুই নারী হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার (৩০) এবং তার ভাবী খুলনার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর নাহার (৪০)। তারা ননদ-ভাবী সম্পর্কের বলে জানা গেছে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদে রাতে সাড়ে ৯টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশির মাধ্যমে পায়ে স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।