নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কাছারিবাজার এলাকায় ট্রাকচাপায় হেলাল হোসেন (৩৫) নামে উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলাল সদর উপজেলার উত্তর আরাজি চড়াইখোলা গ্রামের নাইজুল ইসলামের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ কারখানায় কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মোটর সাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন হেলাল। কাছারিবাজার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর. সাঈদ নিশ্চিত করেছেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ আইনগত প্রক্রিযা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।