
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। কচুয়া ইউনিয়নের ত্রিমোহনী ব্রিজের দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার বিকেলে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্তের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত হাসানুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
অভিযান চলাকালে পুলিশ সদস্যদের সহায়তায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। চলমান অভিযানের অংশ হিসেবেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন বৃদ্ধি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।