যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দৌলতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা–২০২৬। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ রবিউল ইসলাম এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, সবজি ও ফল উৎপাদন কৌশল, কৃষি যন্ত্রপাতি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এ মেলার মাধ্যমে কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করানোই মূল লক্ষ্য।