বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্যসহ আতিকুর রহমান (৩৫) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে শাবরুল বাগিনাপাড়া এলাকায় আতিকুর রহমানের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি বিশেষ দল। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশিতে আতিকের বাড়ি থেকে একটি ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি ফাঁকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
অস্ত্রের পাশাপাশি আতিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়াও তল্লাশিকালে কোকেন, ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে আতিক একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ব্যবহার করতেন বলে জানা গেছে। অভিযান শেষে তার কাছ থেকে ওই ভুয়া কার্ড এবং দুটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত আতিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের কারবারের সাথে জড়িত ছিলেন। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের দমনে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আতিকুর রহমানকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুুতি চলছে।