কুষ্টিয়ার দৌলতপুরে একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক ও ব্যবসায়িকভাবে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় বিসমিল্লাহ সনো এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতালের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করছে। এতে করে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সেবাগ্রহীতারাও বিভ্রান্ত হচ্ছেন।
বক্তারা আরও বলেন, বিসমিল্লাহ সনো এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে। অথচ কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে অপপ্রচার চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ সময় বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধের দাবি জানান এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার এম এ জামান সহ বিসমিল্লাহ সনো ডায়গনস্টিক সেন্টারের স্টাফগণ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।