গাইবান্ধা সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর মোঃ আব্দুর রশিদ। এ উপলক্ষে আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সকালে কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এক আনন্দঘন সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত অধ্যক্ষ শিক্ষক পরিষদ মিলনায়তনে উপস্থিত হলে শিক্ষক পরিষদের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে শুরু হয় সংবর্ধনা ও মতবিনিময় পর্ব।
দায়িত্ব গ্রহণের পর প্রফেসর মোঃ আব্দুর রশিদ কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি সবার সহযোগিতায় একটি শৃঙ্খলাবদ্ধ, শিক্ষাবান্ধব ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজের বক্তব্যে তিনি বলেন, “গাইবান্ধা সরকারি কলেজের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করব।”
সভায় শিক্ষক পরিষদের সম্পাদকসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনিযুক্ত অধ্যক্ষের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং তাঁর দিকনির্দেশনায় গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।