বগুড়ার নন্দীগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো ‘জুলাইযোদ্ধা’ আসাদুল্লাহ আল গালিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুসকুর এলাকায় একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
আহত আসাদুল্লাহ আল গালিব জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। ওই আন্দোলনে তিনি তার একটি চোখ হারিয়েছিলেন।
আহত গালিবের পিতা ফেরদাউসুর রহমান জানান, সোমবার রাতে গালিব মোটরসাইকেল যোগে নিজ গ্রাম দেওতা বাড়ি ফিরছিলেন। পথে ভুসকুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা একজন জুলাইযোদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।