গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার সকালে গাইবান্ধা শহর শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকাল থেকেই শহরের রাজপথে দেখা যায় ভিন্ন দৃশ্য। হাতে ঝাড়ু ও ঝুড়ি নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে এসপি কার্যালয় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশজুড়ে চলে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
অভিযানে সরাসরি অংশ নেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আব্দুর করিম। তিনি নিজে ঝাড়ু হাতে নিয়ে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে নেতৃত্ব দেন, কোনো আনুষ্ঠানিকতা নয়, কাজের মাধ্যমেই উদাহরণ সৃষ্টি করেন।
এ সময় তিনি বলেন, একটি সুন্দর, স্বাস্থ্যকর ও সচেতন শহর গড়ে তুলতে নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনস্বাস্থ্য ও জননিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সবাই সচেতন হলে একটি উন্নত ও পরিচ্ছন্ন গাইবান্ধা গড়ে তোলা সম্ভব।
দলীয় এই কর্মসূচিতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শহরের অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।