গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোবিন্দগঞ্জ থানার এসআই মীর কায়েসের নেতৃত্বে বিশেষ টিম ভোর পৌনে পাঁচটার দিকে স্থানীয় হাসান রহমানের বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— স্বপন মিয়া (২০), পিতা: শহিদুল ইসলাম, তালুককানুপুর; সৌরভ রহমান (২১), পিতা: ছামছুল রহমান, তালুককানুপুর; হাসান রহমান (২২), পিতা: মৃত আব্দুল মান্নান সরকার, তালুককানুপুর; নুর আলম সরকার (২২), পিতা: রাজা মিয়া, রাখালবুরুজ ইউনিয়ন।
পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট টার্গেট করে প্রতারণামূলক হ্যাকিং করে আসছিল। তারা বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ কৌশলে আত্মসাৎ করতো। হ্যাকিংয়ের মাধ্যমে তারা সাধারণ মানুষের কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পূর্বের একটি মামলা (নং-৫২, তারিখ: ২৪/০৬/২০২৫ ইং) চলমান রয়েছে। শুক্রবারই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।