মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ছাত্র শিক্ষক মানবতা সংঘ আয়োজিত এক আন্তরিক ও হৃদয়স্পর্শী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে এতিম শিশুদের অংশগ্রহণে আয়োজনটি এক আবেগঘন ও মানবতার উষ্ণতায় ভরপুর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের একটি ব্যতিক্রমী দিক ছিল—এতিম শিশুদের প্রত্যেককে নতুন টাকায় ঈদ সালামি প্রদান, যা তাদের মুখে আনন্দের উজ্জ্বল হাসি ফুটিয়ে তোলে।
গত ১১ ই মার্চ বুধবার বগুড়া'র পূর্ব পালশায় অবস্থিত তালিমুল কুরআন সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্র-শিক্ষক মানবতা সংঘের সভাপতি আবুল বাসার রানা'র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন সিরাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা'র সেক্রেটারি শেখ তাহা উদ্দিন নাহিন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কলামিস্ট মাওলানা মোস্তাকিম হোসাইন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মামুন, প্রভাষক (পদার্থবিজ্ঞান); আবু সুফিয়ান, প্রভাষক (জীববিজ্ঞান) এবং রাইয়ান ওমর, প্রভাষক (পদার্থবিজ্ঞান)।
এ সময় সংগঠনের একঝাঁক মানবিক কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আইয়ান আদিদ (যুগ্ম সাধারণ সম্পাদক), সানি, স্নিগ্ধ, রাফি, তানজিল, শাহরিয়ার ফিরোজ, সাজিদ, মারুফসহ আরও অনেকে।
অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম। এতিম শিক্ষার্থীরা আন্তরিক তৃপ্তি ও আনন্দের সাথে ইফতার এবং রাতের খাবার গ্রহণ করে। পরে যখন তাদের হাতে নতুন টাকায় ঈদ সালামি তুলে দেওয়া হয়, তখন তাদের মুখে উচ্ছ্বাস ও আনন্দের ঝিলিক স্পষ্ট হয়ে ওঠে, যা উপস্থিত সকলকে গভীরভাবে আবেগাপ্লুত করে।
প্রধান অতিথি তার বক্তব্যে এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কল্যাণমুখী কাজ অব্যাহত রাখার জন্য সংগঠনের সদস্যদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সংক্ষেপে সংগঠনের বিভিন্ন মানবিক কর্মসূচি ও কার্যক্রমের পরিচয় তুলে ধরেন।
সবশেষে সভাপতি আবুল বাসার রানা সমাপনী বক্তব্য প্রদান করেন। এরপর অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতার। মানবতার উষ্ণতা, সহমর্মিতা ও ভালোবাসার অনন্য এক পরিবেশে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।