বগুড়া শহরে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে যানজট সমস্যা। সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়কগুলোতে দীর্ঘ যানজট লেগেই থাকে, এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, অফিসগামী কর্মজীবী ও শিক্ষার্থীরা।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠেছে। এসব স্থানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর কারণে সড়কের বড় অংশ দখল হয়ে যায়, ফলে যানবাহনের চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
ফুটপাতের বড় অংশই দখল করে রেখেছে ভাসমান দোকান ও হকাররা। ফলে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে হাঁটছেন, এতে যানজট আরও তীব্র আকার ধারণ করছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
শহরের বিভিন্ন মোড়ে সিএনজি ও অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
শহরের ব্যস্ততম সড়কগুলোতে দিনের বেলাতেই কুরিয়ার ট্রাকের অবাধ চলাচল ও মালামাল ওঠানামা করার কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বগুড়া শহরের যানজট পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।