বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহরের তিনমাথা রেলগেট সংলগ্ন রেহেনা ফল মন্ডিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।
উপহার বিতরণকালে প্রধান অতিথি এম আর ইসলাম স্বাধীন বলেন, "পবিত্র ঈদুল ফিতর আনন্দের দিন। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন হাসিমুখে ঈদ উদযাপন করতে পারে।"
অনুষ্ঠানে বগুড়া ফল ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও তারা সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদ আনন্দ বাড়িয়ে দিতে এই উপহার বিতরণের আয়োজন করেছেন।
ঈদ উপহার হিসেবে ব্যবসায়ীদের মাঝে সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন।